চাঁদাবাজি প্রতিরোধে প্রতিশ্রুত ওয়েবসাইট ‘chandabaaj.com’ আনুষ্ঠানিকভাবে চালু করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলের জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি আগেই এই ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছিলেন। অবশেষে বুধবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে চাঁদাবাজির বিরুদ্ধে ডিজিটাল উদ্যোগের সূচনা করেন তিনি।
বুধবার নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই ওয়েবসাইটটির উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বহুল প্রতীক্ষিত chandabaaj.com এখন লাইভ। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে উপযুক্ত তথ্য–প্রমাণসহ তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে রিপোর্ট করার জন্য। এতে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশ থেকে ওয়েবসাইটটিতে মোট ৮টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ যাচাই–বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। উদ্যোগটি বাস্তবায়নের মাধ্যমে চাঁদাবাজির বিরুদ্ধে জনসম্পৃক্ততা ও প্রযুক্তিনির্ভর প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।