নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইন হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ শিশু-কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেল খাটার অভিজ্ঞতা কেমন তা জানার কৌতূহল থেকেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত হোসাইন (১১) ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকার বাসিন্দা। সে বাবার সঙ্গে নারায়ণগঞ্জ শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল সকাল সাড়ে ১১টা থেকে সে নিখোঁজ ছিল।
তদন্তে জানা যায়, ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন কিশোর নিয়মিত মাদক সেবন করত। ঘটনার দিন তাদের মধ্যে কয়েকজন জেল খাটার অভিজ্ঞতা কেমন তা জানার আলোচনা করে এবং পরে শিশুটিকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, হোসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে ওই পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৬ জনকে নারায়ণগঞ্জ ও দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু ঘটনাস্থলের পাশের ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ মামলার আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: জেলা পুলিশ, নারায়ণগঞ্জ