ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই-আগস্ট অভ্যুত্থানবিরোধী অবস্থানে থাকা ১৯ জন শিক্ষকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
নোটিশে বলা হয়েছে, অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি হুমকি, ভয়ভীতি প্রদর্শন, অশালীন ভাষা ব্যবহার, মিছিলে উসকানিমূলক স্লোগান দেওয়া এবং পুলিশি গ্রেফতার ও হয়রানির ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া গেছে।
এ কারণে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপক মনজুরুল হক জানান, গত বুধবার তার অনুপস্থিতিতে নোটিশ প্রস্তুত করা হয়। গোপনীয়তা বজায় রেখে তা আজ (সোমবার) বিতরণ করা হয়েছে। জবাব পাওয়ার পর প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।