আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের গুরুত্বপূর্ণ একটি সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সংশোধনী অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করতে পারবে।
শনিবার (১০ মে) এক বিশেষ সভা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফিংয়ে জানান, এই সংশোধনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় রাজনৈতিক, সাংগঠনিক ও ডিজিটাল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিনি বলেন, “দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম—বিশেষ করে সাইবার স্পেসে—নিষিদ্ধ থাকবে।”
আসিফ নজরুল আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।
সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে, উপদেষ্টা পরিষদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে।