শুধু এআই টুলস ও নোট নয়, পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানে জোর বাকৃবি উপাচার্যের

দে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৫৩
শুধু এআই টুলস ও নোট নয়, পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানে জোর বাকৃবি উপাচার্যের


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবির গ্র্যাজুয়েটরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। সেই ঐতিহ্য ধরে রাখতে হলে শুধু এআই টুলস বা প্রিন্ট করা নোটের ওপর নির্ভরশীল না হয়ে মৌলিক পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। দেশের কৃষি ও কৃষকের ভরসাস্থল হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।



বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



নবীনবরণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং রেজিস্টার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ করে নেওয়া হয়। এরপর ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৫ বছরের পথপরিক্রমা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রভোস্ট, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নবীনদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।



প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, তোমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ। তাই তোমরা মেধাবীদের মধ্যেও মেধাবী। তবে শুধু মেধা নয়, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।



তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি, গবেষণা ও উচ্চশিক্ষায় ঐতিহাসিক অবদান রেখে চলেছে। শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে গবেষণা, খেলাধুলা, বিতর্ক, নেতৃত্ব বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। হাই-স্পিড ইন্টারনেট, স্মার্ট ক্লাসরুম, সমন্বিত ডিজিটাল সেবা এবং অনলাইন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি থেকে শুরু করে প্রাক্তন শিক্ষার্থী হিসেবেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য