শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:৪২
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল


মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।


সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট বলেন, গণমাধ্যমে কোনো বিষয়ে আলোচনা বা চাপ থাকলেও বিচারিক প্রক্রিয়ায় তাড়াহুড়ো করা উচিত নয়। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতকে বলেন, সব পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।


এর আগে গত ২৩ আগস্ট হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। পরে ২৫ আগস্ট রায় ঘোষণার তারিখ পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছিল।


মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে আট বছর বয়সী আছিয়া ধর্ষণের শিকার হয়। অভিযোগ, তার বোনের শ্বশুর হিটু শেখ ধর্ষণের পর শিশুটিকে হত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চার আসামিকেই গ্রেপ্তার করে। ২০২৫ সালের ১৩ এপ্রিল পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে।


অভিযোগ গঠনের মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়। ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর যুক্তিতর্ক শুনানি শেষে ২০২৫ সালের ১৭ মে রায় ঘোষণা করা হয়।


রায়ে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।


হিটু শেখের মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং তার করা আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখলেন.


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য