শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

দে
শার্শা উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় যশোরের শার্শায় মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার কাশীপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গার্ড অব অনার প্রদান করেন।


পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্করসহ বিজিবির অন্যান্য সদস্যরা। এছাড়া বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যদের মধ্যে তাঁর মেয়ে হাসিনা খাতুন, পৌত্র নিয়ামুল ইসলাম ও নাতনি তাহরা খাতুন উপস্থিত ছিলেন।


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন। তাঁর অসীম সাহস, বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।


মুক্তিযুদ্ধে তাঁর অবিস্মরণীয় অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় তাঁর ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য