কুমিল্লার বাঙ্গরা উপজেলার ২নং আকুবপুর ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক, জনবান্ধব ও স্বনির্ভর গ্রামীণ সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ইয়াছিন আরাফাত।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গিকার প্রকাশ করেছেন তিনি। তাঁর অঙ্গিকারে স্বচ্ছতা ও সুশাসন, সামাজিক নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা, কৃষি এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এডভোকেট ইয়াছিন আরাফাতের ঘোষিত অঙ্গিকারের মধ্যে রয়েছে—ইউনিয়ন পরিষদকে শতভাগ দুর্নীতিমুক্ত রাখা এবং কোনো ধরনের হয়রানি ও ঘুষ ছাড়াই জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য নাগরিক সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করা। একই সঙ্গে ইউনিয়নের সকল উন্নয়ন বাজেট, প্রকল্প ও ব্যয়ের হিসাব প্রতি ছয় মাস পরপর প্রকাশ্য জনসভায় জনগণের সামনে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ভিজিডি, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন সুবিধা স্বজনপ্রীতিমুক্তভাবে প্রকৃত পাওনাদারদের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি দুর্যোগকালীন ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার অঙ্গিকার করেছেন।
অবকাঠামোগত উন্নয়নে প্রতিটি ওয়ার্ডের কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং রাতের চলাচল নিরাপদ করতে গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপনের পরিকল্পনা তুলে ধরেছেন এ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
স্বাস্থ্য ও শিক্ষা খাতেও রয়েছে তাঁর বিশেষ পরিকল্পনা। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক ওষুধ সরবরাহসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়ন এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান।
কৃষকদের স্বার্থে ন্যায্যমূল্যে সার, বীজ ও কৃষি পরামর্শ নিশ্চিত করতে ইউনিয়ন কৃষি তথ্য কেন্দ্র সক্রিয় করার পাশাপাশি বেকার যুবকদের জন্য কারিগরি ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অঙ্গিকারও করেছেন এডভোকেট ইয়াছিন আরাফাত।
এছাড়া ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে আইনগত যেকোনো ধরনের পরামর্শ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এডভোকেট ইয়াছিন আরাফাত বলেন, জনগণের অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের মাধ্যমে আকুবপুর ইউনিয়নকে একটি আধুনিক, জনবান্ধব ও স্বনির্ভর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।