বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” পালন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও পোস্টার সাঁটানো হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ওই কর্মসূচি পালন করে বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহীন আলম, মেজবাউল হক মিজু, মো. শামীম রেজা এবং তাদের অনুসারী নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এবং আশাপাশের হোটেলগুলোতে ওই কর্মসূচির আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও পোস্টার সাঁটানো হয়েছে।
তবে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিক, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ এম শোয়াইব একই কর্মসূচি পালন করলেও তারা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন নি।
মো. শাহীন আলম বলেন, ডেঙ্গু একটি জনস্বাস্থ্যঝুঁকি, আর এর প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয় সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশার বিস্তার রোধে আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দিতে চাই।
মেজবাউল হক মিজু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আজ আমরা জব্বারের মোড়ের পাশে একত্রিত হয়েছিলাম। দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব যখন আশঙ্কাজনক রূপ নিয়েছে, তখন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং ক্যাম্পাসকে নিরাপদ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এরই অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজ আয়োজন করেছে "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬"। আমরা বিশ্বাস করি, ছাত্রদলের রাজনীতি শুধু স্লোগান আর মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সাধারণ শিক্ষার্থী ও জনগণের যেকোনো সংকটে সবার আগে ঝাঁপিয়ে পড়াই আমাদের মূল আদর্শ। আজ আমরা শুধু ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানই পরিচালনা করছি না, বরং ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পোস্টার সাঁটানোর কাজও করছি।
মো. শামীম রেজা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় হতে হবে। আমাদের ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই।