সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান শেখের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার (৭জুন) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মলনে রায়হান শেখ লিখিত অভিযোগে জানান, চলতি বছরের ২ জুন অফিস শেষে বাড়ী ফেরার পথে পুরাতন পোস্ট অফিস রোড এলাকায় তার রিকশার গতিরোধ করা হয়। এরপর কয়েকজন ব্যক্তি রড, স্টিক, হকি স্টিক ও পাইপ দিয়ে তার ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, হামলার সময় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলীম সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
রায়হান শেখের অভিযোগ, হামলার ঘটনার পেছনে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানার সম্পৃক্ততা রয়েছে। তিনি দাবী করেন হামলার আগে জুয়েল রানা ও কয়েকজন ব্যক্তির মধ্যে বৈঠক হয়েছিল এবং পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
ঘটনার বিষয়ে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে জুয়েল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।