আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) বায়ু লিকের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় পাঁচ মহাকাশচারীকে জরুরি সতর্কতার অংশ হিসেবে নিরাপদ আশ্রয়ে যেতে এবং প্রয়োজনে স্টেশন ত্যাগের প্রস্তুতি নিতে বলা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সতর্কতা প্রত্যাহার করেছে নাসা।
শুক্রবার (৫ জুন) স্টেশনের রাশিয়ান অংশে অবস্থিত জেভেজদা সার্ভিস মডিউলে ফাটল মেরামতের কাজ চলাকালে এই পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে নাসার মিশন কন্ট্রোল কেন্দ্র ক্রু-১২ মিশনের চার সদস্যকে তাদের ডক করা SpaceX Crew Dragon মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দেয়। একই সঙ্গে স্টেশনে অবস্থানরত আরও একজন মার্কিন মহাকাশচারীকেও নিরাপদ স্থানে যেতে বলা হয়।
নির্দেশনার আওতায় থাকা মহাকাশচারীদের মধ্যে ছিলেন দুই মার্কিন, একজন ফরাসি এবং একজন রুশ নভোচারী। সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে দ্রুত স্টেশন ত্যাগের প্রস্তুতি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি পুনর্মূল্যায়ন করে নাসা সতর্কতা প্রত্যাহার করে নেয় এবং মহাকাশচারীদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার অনুমতি দেয়। এ সময় নাসা ও রসকসমস যৌথভাবে বায়ু লিকের মাত্রা ও সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করছিল।
রসকসমস জানিয়েছে, স্টেশনের রাশিয়ান অংশে দুটি বায়ু লিক শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি দ্রুত বন্ধ করা সম্ভব হয়েছে এবং অন্যটি মেরামতের প্রস্তুতি চলছিল। সংস্থাটির দাবি, এই লিকগুলোর কারণে স্টেশন বা মহাকাশযানের গুরুত্বপূর্ণ কোনো সিস্টেম তাৎক্ষণিক ঝুঁকির মুখে পড়েনি।
নাসার এক জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে বায়ু লিকের হার তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও শুক্রবার তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। প্রতিদিন প্রায় ১ পাউন্ড বায়ু ক্ষয়ের হার বেড়ে প্রায় ২ পাউন্ডে পৌঁছায়, যা নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ তৈরি করে।
বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাতজন মহাকাশচারী অবস্থান করছেন। তাদের মধ্যে রয়েছেন মার্কিন মহাকাশচারী জেসিকা মেইর, জ্যাক হ্যাথাওয়ে, ক্রিস্টোফার উইলিয়ামস, ইউরোপীয় মহাকাশ সংস্থার সোফি অ্যাডেনোট এবং রুশ মহাকাশচারী আন্দ্রে ফেডিয়ায়েভ, সের্গেই কুদ-সভারচকভ ও সের্গেই মিকায়েভ।
নাসার মুখপাত্র বেথানি স্টিভেন্স জানান, রসকসমস ফাটল মেরামতের কাজ সাময়িকভাবে স্থগিত করার পর নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হয় এবং তখনই নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ প্রত্যাহার করা হয়। তিনি বলেন, বায়ু লিকের স্থায়ী সমাধানে নাসা ও রসকসমস যৌথভাবে কাজ চালিয়ে যাবে।
উল্লেখ্য, ২৭ বছরের ইতিহাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ খুবই বিরল ঘটনা। যদিও অতীতে মহাকাশের ধ্বংসাবশেষ বা প্রযুক্তিগত ঝুঁকির কারণে এমন সতর্কতা জারি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মহাকাশচারীকে জরুরি পরিস্থিতিতে পুরো স্টেশন ত্যাগ করতে হয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যক্রম ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এই উদ্যোগকে সমর্থন দিয়েছেন টেড ক্রুজ এবং মারিয়া ক্যান্টওয়েল। তাদের মতে, মহাকাশ গবেষণায় ধারাবাহিকতা বজায় রাখা এবং চীনের ক্রমবর্ধমান মহাকাশ কার্যক্রমের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখার জন্য আইএসএসের মেয়াদ বৃদ্ধি প্রয়োজন।