তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলমান রাজনৈতিক অনিশ্চয়তার অবসান হয়েছে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের অনুমোদন পেয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ মে) চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানায় টিভিকে। পরে রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের জন্য সবুজ সংকেত দেন।
গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে নবাগত দল হিসেবে টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দলে পরিণত হয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা তখনও তাদের হাতে ছিল না।
পরবর্তীতে কংগ্রেসের ৫টি আসনসহ বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী (সিপিআই-এম) থেকে দুটি করে আসনের সমর্থন পাওয়ায় টিভিকে মোট ১১৮ আসনের সমর্থন নিশ্চিত করতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ পূর্ণ হয়।
এনডিটিভির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ পর্যায়ের আলোচনার পর আগে ডিএমকের মিত্র থাকা তিনটি ছোট দল টিভিকে-কে সমর্থন জানায়। এর আগে বুধবার ও বৃহস্পতিবার টানা দুই দিন রাজ্যপালের সঙ্গে বিজয়ের সাক্ষাৎ হলেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না থাকায় রাজ্যপাল সরকার গঠনের দাবি নাকচ করেছিলেন।
এদিকে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন জোটের শরিক দলগুলোর উদ্দেশে জানিয়েছিলেন, তারা নিজস্ব বিবেচনায় টিভিকে-কে সমর্থন দেওয়ার বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে। ফলে ছোট দলগুলোর সমর্থনের পথ সহজ হয় বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে অসমর্থিত সূত্র দাবি করেছে, ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেই নতুন মন্ত্রিসভায় যোগ দিতে পারেন। পাশাপাশি কংগ্রেসও দুটি মন্ত্রী পদ আশা করছে বলে জানা গেছে।
এখন সবকিছু চূড়ান্ত হওয়ায় আগামীকাল তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।