তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। রাজ্য সরকার গঠনে বিজয়কে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী (সিপিআই-এম) এবং ভিসিকে।
এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সিপিআই ও সিপিআই(এম) কার্যনির্বাহী বৈঠকে বসে টিভিকে-কে সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে দুই বাম দলের যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়।
সিপিআই-এর রাজ্য সম্পাদক ভীরাপান্ডিয়ান বলেন, গণতন্ত্রে উত্থান-পতন স্বাভাবিক এবং জনগণের রায়কে সম্মান জানিয়ে তারা টিভিকে-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, টিভিকে আগেই সিপিআই, সিপিআই(এম) ও ভিসিকে-র সঙ্গে যোগাযোগ করেছিল এবং দলীয় আলোচনার পরই সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে তামিলনাড়ু সিপিআই(এম)-এর সম্পাদক শানমুগাম বলেন, সরকার গঠনে বিলম্ব হলে রাষ্ট্রপতি শাসনের সুযোগ তৈরি হতে পারে এবং বিজেপি যেন পেছনের দরজা দিয়ে রাজ্যে প্রবেশ করতে না পারে, সেজন্য টিভিকে-কে সমর্থন দেওয়া হয়েছে।
এই তিন দলের সমর্থনের ফলে টিভিকে-র সরকার গঠনের পথ আরও সহজ হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমর্থনের ঘোষণার পর টিভিকে-র চেন্নাই সদর দপ্তরের সামনে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ উদযাপন দেখা গেছে। তারা বাজি ফাটিয়ে ও মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অন্যদিকে, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটি) দলের উচ্চপর্যায়ের কমিটির বৈঠক বর্তমানে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে দলটি টিভিকে-কে সমর্থন দেবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।