বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানিয়েছিল, বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে বন্ধ থাকা ছয়টি সরকারি পাটকল পুনরায় চালু করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে বন্ধ থাকা অন্যান্য পাটকলগুলো চালু করা কিংবা ইজারা দেওয়ার বিষয়ে সরকারি সিদ্ধান্তের কথাও উল্লেখ করেছিলেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তবে সোমবারের বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।