পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, উভয় দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক লাভের ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ভারত সরকার ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রণয় ভার্মার ভূমিকা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি হাইকমিশনারের নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে উভয় পক্ষ নতুন সক্ষমতা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।