যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে।
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি দুবাই হয়ে ঢাকায় পৌঁছায়।
এর আগে শনিবার স্থানীয় সময় রাত পৌনে ৯টায় অরল্যান্ডো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে এমিরেটসের ওই ফ্লাইট। পরে সোমবার সকালে বিমানটি ঢাকায় এসে পৌঁছায়।
সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন লিমনের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে নিহত জামিলের স্বজনরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রত্যাশা করেছেন। তাদের দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আটদিন পর, ২৪ এপ্রিল পুলিশ জামিলের মরদেহ উদ্ধার করে। পরে শনাক্তের পর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।