চলমান যুদ্ধ পরিস্থিতি থামাতে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার (২৭ এপ্রিল) একজন মার্কিন কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে। এতে যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান একই সঙ্গে পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ে স্থগিত রাখার কথাও উল্লেখ করেছে। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি নিরসন না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনায় অগ্রগতি থামিয়ে রাখার ইঙ্গিত দিয়েছে দেশটি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এটি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব আন্তর্জাতিকভাবে বড় কূটনৈতিক বার্তা বহন করছে। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতা এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।