পুলিশের তালিকাভুক্ত একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী রাসেল ফকির’কে আটক করেছে পুলিশ।
জামালপুরের ইসলামপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসীকে শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে ইসলামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করা হয়। সন্ত্রাসী রাসেল উত্তর দরিয়াবাদ গ্ৰামের পতু শাহের ছেলে ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার সহকারী পুলিশ সুপার( সার্কেল) মো: ইমরুল ইসলাম ।
তিনি আরো জানান- রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি হত্যা মামলা,১টি অস্ত্র মামলা ও বিভিন্ন ধারায় ৪টি মামলা রয়েছে। এছাড়াও রাসেলের বিরুদ্ধে ইসলামপুর থানায় চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ হত্যা মামলার গ্রেপ্তারি ও আদালতের সাজার পরোয়ানা রয়েছে। তার সৎ মা হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি রাসেল ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান- রাসেল দীর্ঘদিন আত্মগোপনে থাকা অবস্থায় বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচয় দিতো। নাম গোপন করে নোয়াখালী, ফেনী, লক্ষীপুরসহ বিভিন্ন জেলায়
ভিন্ন পেশায় কাজ করতো। সাধু বেশে দেশের বিভিন্ন জেলার মাজারে মাজারে ঘুরে বেড়াতো। এছাড়াও সাধু বেশে প্রায়ই ভারতে গিয়ে আত্মগোপন থাকার কথাও সে স্বীকার করে।