বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ ভারত সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পরে শুক্রবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম ইউএনআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধটি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে ভারত সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক অবস্থান বজায় রাখতে চায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে শিগগিরই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। ধারাবাহিক সংলাপ বজায় রাখাকে বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।