আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ থেকে পবিত্র হজ ফ্লাইট শুরু হচ্ছে। ওই দিন রাতেই হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার হজযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ফ্লাইট ব্যবস্থাপনায় কোনো জটিলতা থাকতে দেওয়া হবে না।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হজ ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। হজযাত্রীদের ভোগান্তি কমাতে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
মন্ত্রী আরও বলেন, আগামী দু-এক দিনের মধ্যে প্রধানমন্ত্রী নিজেই হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের আরও নির্দেশনা দেবেন।
ধর্মমন্ত্রী দাবি করেন, এবার হজ ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের জটিলতা হবে না। হজযাত্রীদের নিরবচ্ছিন্ন যাতায়াত এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।