বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সায়। এই নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১২ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের বাজার পরিস্থিতি এবং মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো বিইআরসি ফার্নেস তেলের দাম ঘোষণা করে। আজ দ্বিতীয়বারের মতো ফার্নেস তেলের দাম সমন্বয় করল সংস্থাটি।
বিপিসির অধীন সরকারি চারটি তেল বিপণন কোম্পানি—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন নির্ধারিত দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বিইআরসি সূত্র জানায়, সরকারের নির্বাহী আদেশে সর্বশেষ ২০২৪ সালের ২ আগস্ট ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরে অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসিকে দেয়। এর ধারাবাহিকতায় গত বছরের ২০ জানুয়ারি বিপিসি বিইআরসির কাছে ফার্নেস তেলের দাম নির্ধারণের প্রস্তাব পাঠায়। একই সঙ্গে চারটি তেল বিপণন কোম্পানিও আলাদা প্রস্তাব জমা দেয়।
এরপর দীর্ঘ প্রক্রিয়া শেষে গত ২৯ জানুয়ারি বিইআরসি প্রস্তাবিত দামের বিষয়ে গণশুনানি আয়োজন করে। সেই শুনানি ও মূল্য বিশ্লেষণের ভিত্তিতে এবার নতুন করে দাম সমন্বয় করা হলো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ফার্নেস তেলের এই মূল্যবৃদ্ধি বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং সামগ্রিক জ্বালানি খাতের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।