জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের দুই বছর পরও দেশের রাজনৈতিক শক্তিগুলো একই অবস্থানে থাকলেও কাঙ্ক্ষিত সংস্কারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার। তিনি বলেন, বাংলাদেশকে কাঠামোগত সংস্কারের মাধ্যমে পরিবর্তনের যে লক্ষ্য ছিল, তা বাস্তবায়নে সরকার বাধা সৃষ্টি করছে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সভাটি এগারো দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, সরকার কখনো জুলাই যোদ্ধা, কখনো একাত্তরের প্রসঙ্গ ব্যবহার করে তাদের বিভিন্ন কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তবে তার দাবি অনুযায়ী, ১৯৭১ ও ২০২৪—কোনো ঐতিহাসিক ঘটনাকেই তারা যথাযথভাবে ধারণ করছে না।
তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করার পরিবর্তে সেটিকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। ফলে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের জন্য এখন নতুন করে গণআন্দোলনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।
নাহিদ ইসলাম দাবি করেন, এবার আর আংশিক সফলতা বা ব্যর্থতা নয়, পূর্ণাঙ্গ সফলতার লক্ষ্যে পরিকল্পনা অনুযায়ী রাজপথে নামতে হবে। তার ভাষায়, সংস্কার কোনো দলের বিষয় নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার প্রশ্ন।
তিনি আরও বলেন, আন্দোলনের অগ্রভাগে যারা রয়েছেন তারা সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং প্রয়োজনে চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন। তার মতে, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, নব্বইয়ের গণআন্দোলনের সুফল তারা ভোগ করেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে সংস্কার প্রক্রিয়াকে উপেক্ষা করেছে। তিন জোটের রূপরেখা বাস্তবায়ন না করে তা উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একইভাবে জুলাই সনদ ও সংশ্লিষ্ট অধ্যাদেশ প্রত্যাখ্যানের সমালোচনাও করেন নাহিদ ইসলাম।