নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক শান্তি প্রতিষ্ঠা, শিশু সুরক্ষা জোরদার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (৩১মার্চ)সকালে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা পর্যায়ে ধর্মীয় নেতৃবৃন্দ,স্থানীয় প্রতিনিধি ও নিকাহ রেজিস্টার (কাজী) অংশগ্রহণ করেন।এতে প্রধান অতিথির বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া। আরো বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন, নীলফামারীর এসিও’র সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন, এপি ম্যানেজার সাগর’ডি কস্তা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সোহানিয়া বলেন,পারিবারিক সহিংসতা রোধ,শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগ একান্ত প্রয়োজন। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। এ ছাড়াও তিনি শিশু অধিকার,পারিবারিক মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন।অংশগ্রহণকারীরা বলেন,এ ধরনের কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পারিবারিক শান্তি ও শিশু সু-রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।