ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের প্রতিনিধি লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় সাংবাদিক সমিতির কার্যালয়ে সকাল ১১টা ৫০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ২টা ৩০ মিনিটে শেষ হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, ডুজার সাবেক সভাপতি এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রিয়াদুল করিম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান, বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসান। নির্বাচনটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক, যেখানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ৩১ জন সরাসরি উপস্থিত হয়ে এবং ১০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন। সভাপতি পদে মানজুর হোছাঈন মাহি ৩০ ভোট পেয়ে জয়ী হন এবং সাধারণ সম্পাদক পদে লিটন ইসলাম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে মাহাথীর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাহাদ উদ্দিন, দপ্তর সম্পাদক হিসেবে এইচ এম খালিদ হাসান, অর্থ সম্পাদক হিসেবে নাইমুর রহমান ইমন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন বোরহান উদ্দিন, সামশুদৌজা নবাব এবং মোহাম্মদ সাহেদুল ইসলাম।
ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার নূরুল করিম ভূঁইয়া নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনটি সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে পারায় তারা সন্তুষ্ট এবং আশাবাদ ব্যক্ত করেন যে নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।