ঢাকার সাভারের বক্তারপুর ও বেদে পল্লী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে সাভার আর্মি ক্যাম্পের টহল দল। শনিবার (তারিখ) রাত আনুমানিক ১টার দিকে নিয়মিত রাত্রিকালীন টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়ভাবে বেদে পল্লী এলাকা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার একটি কুখ্যাত কেন্দ্র হিসেবে পরিচিত। এলাকাটিতে মাদকের দৌরাত্ম্য পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে এবং প্রায়ই সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এমন পরিস্থিতির মধ্যেই সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহল পরিচালনার সময় বক্তারপুর এলাকায় এক ব্যক্তিকে হেরোইন সেবনরত অবস্থায় দেখতে পায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম বিকাশ রাজবংশী (২২)। তিনি সাভারের মাঝিপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মহেশ রাজবংশী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ জানান, বেদে পল্লী এলাকার সাব্বির (২৫) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও হেরোইন সরবরাহ করে আসছে।
গুরুত্বপূর্ণ এই তথ্য পাওয়ার পর টহল দল বিলম্ব না করে সরাসরি বেদে পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন সাব্বির সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে তার কাছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে প্রায় ২০০ পিস ইয়াবা, ২৪ প্যাকেট হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫৯ হাজার ৯৪০ টাকা এবং একটি মোবাইল ফোন।
আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।