রাজধানীর উত্তরা সংলগ্ন কামারপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আশপাশের লোকজন দ্রুত দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধদের মধ্যে একই পরিবারের তিনজন করে দুই পরিবারের মোট ছয়জন সদস্য রয়েছেন। আহতদের মধ্যে তিন বছর বয়সী রোজা নামের একটি শিশুও রয়েছে।
বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সোনিয়া আক্তার নামের এক নারীর শরীরের প্রায় ১০০ শতাংশ পুড়ে গেছে, যার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের সূত্রপাত হলে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।