বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করেন ট্রাম্প।
চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান, অর্থনৈতিক সহযোগিতা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।
এতে আরও বলা হয়, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য উন্নতমানের আমেরিকান সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থার কথাও উল্লেখ করা হয়।