পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা যদি এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যান, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।
সারজিস আলম অভিযোগ করেন, প্রায় ৩০টির মতো স্থানে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তাদের রক্তাক্ত করা হয়েছে, বাড়িঘর ও দোকানপাটে আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী সন্ত্রাসী কায়দায় এ ধরনের কর্মকাণ্ড করছে।
তিনি আরও বলেন, নির্বাচনের পরে যেই দলেরই নেতৃত্ব হোক, তারা দেশের পুরনো প্রতিহিংসার রাজনীতি ও নোংরা রাজনৈতিক সংস্কৃতি ত্যাগ করে সুন্দর গণতান্ত্রিক রাজনীতি চালাবে—এটাই প্রত্যাশা ছিল। কিন্তু বিজয়ী হয়ে প্রতিপক্ষকে থাকতে না দেওয়া, হামলা চালানো, হুমকি দেওয়ার মতো কার্যকলাপ স্বৈরাচারী আচরণ।
সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপি যদি তাদের জায়গা থেকে আবার নব্য স্বৈরাচার হতে চায়, আমরা মনে করি তারা পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকবে না। তাদের পতন অনিবার্য। একদিনে যা শুরু করেছেন, এটা যদি চালিয়ে যান, দুই বছরও ঠিকমতো টিকতে পারবেন না।”
তিনি আরও বলেন, “আপনারা কয়েকদিন আগেও ভুক্তভোগী ছিলেন, নির্যাতিত ছিলেন। একই চরিত্র দেখালে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে। যদি আমাদের কাজে বাধা দেন, মিথ্যা মামলা দেন বা হুমকি-হয়রানি করেন, আমরা এক লিমিট পর্যন্ত সহ্য করব; এরপর আর ছাড় দেওয়া হবে না।”