রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে হোটেল কর্মী মিলনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১২ জানুয়ারি) সকালে র্যাব সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব সূত্র জানায়, বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।
এর আগে গত ১০ জানুয়ারি বনশ্রীর একটি বাসায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় স্কুলছাত্রী লিলিকে। সে স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ নির্মম হত্যাকাণ্ড রাজধানীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
নিহতের বড় বোন শোভা জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে তিনি জিমে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে বাসায় ফিরে তিনি ছোট বোন লিলিকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত পেয়েছে বলে ধারণা হলেও হিজাব খুলে দেখেন, তার গলায় রশি প্যাঁচানো এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করেছে। আটক মিলনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।