ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি কাঁদামাটির রাস্তায় প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে বীজতলা ও কচুগাছ লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। রাস্তাটি পাকা করার দাবিতে একই সঙ্গে মানববন্ধনও করেছে তারা। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তমপুর এলাকায় তালতলা বাজারের তালুকদার বাড়ীর সামনে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে এ আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা আজ পর্যন্ত পাকা হয়নি। এ রাস্তা থেকে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ চলাচল করে। উত্তমপুর তালতলা বাজার থেকে তালুকদার বাড়ি, চল্লিশ কাহনিয়া মৃধাবাড়ি হয়ে প্যাদাবাড়ি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মাটির কর্দমাক্ত দিয়ে আব্দুল মালেক কলেজ,আব্দুল মালেক বালিকা বিদ্যালয়, প্যাদাবাড়ি বিদ্যালয় সহ প্রায় সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীসহ কয়েকশত শিক্ষার্থী চলাচল করে। বৃষ্টির সময় শিক্ষার্থীরা ঠিক মতো স্কুলে যেতে পারে না। বাসা থেকে তারা স্কুলের উদ্দেশে রওনা হলেও কাদার রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে বই খাতা নষ্ট হয়ে যায়। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পোহাতে হয় চরম দুর্ভোগ। “বিগত বহু বছর ধরে জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার রাস্তাটি পাকা করণের জন্য আবেদন করলেও অদৃশ্য কারনে তা বাস্তবায়ন হয়নি। এই রাস্তাটি মেরামত বা পাকা করার নেওয়া হয়নি কোনো উদ্যোগ । বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। মানববন্ধনে এলাকাবাসী দ্রæত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।