জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়ার তিনটি দফায় আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির নীতিনির্ধারকদের মতে, সনদের ২, ৩ ও ৪ নম্বর দফায় অসামঞ্জস্য রয়েছে। বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে স্থায়ী কমিটির তিন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পর্যালোচনা শেষে ঐকমত্য কমিশনে দলের আনুষ্ঠানিক মতামত জানাবেন।
সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকে স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যই বলেন, নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে বিএনপি আশাবাদী হলেও দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারকে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন নেতারা।
সূত্র জানায়, ২৮ পৃষ্ঠার খসড়ায় অসামঞ্জস্য রয়েছে বেশ কিছু জায়গায়। বিএনপি নেতাদের পর্যবেক্ষণে উঠে আসে—চূড়ান্ত খসড়ায় জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়া হয়েছে, যা সাংবিধানিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া অঙ্গীকারনামায় এমন কিছু প্রস্তাব রাখা হয়েছে, যেগুলো নিয়ে আগে আলোচনা হয়নি। প্রথম দিকে দুই বছরের মধ্যে সংবিধান সংশোধনের কথা থাকলেও সেটি চূড়ান্ত খসড়ায় বাদ দেওয়া হয়েছে।
বিএনপি মনে করে, সার্বিকভাবে খসড়ার বিরুদ্ধে তাদের বড় কোনো আপত্তি নেই। তবে ৮৪ দফার মধ্যে যেগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়নি, সেগুলোর সুরাহা কীভাবে হবে, তা স্পষ্ট করা জরুরি। নারী আসন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং প্রধানমন্ত্রী একইসঙ্গে দলীয় প্রধান হবেন না—এমন কিছু প্রস্তাবে বিএনপি আপসহীন অবস্থান বজায় রেখেছে। দলটির দাবি, সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা জরুরি, তবে রাষ্ট্রপতির ক্ষমতা অতিরিক্তভাবে বাড়ানো উচিত নয়।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, খসড়ায় বলা হয়েছে—জুলাই সনদের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকবে। এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ আপিল বিভাগ আইন ব্যাখ্যা করতে পারে, কিন্তু কোনো সমঝোতা দলিলের ওপর তাদের এখতিয়ার নেই। একইভাবে আদালতে সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না—এমন উল্লেখও অসাংবিধানিক।
এদিকে আগামী বুধবার (২০ আগস্ট) বিকাল ৪টার মধ্যে ঐকমত্য কমিশনে চূড়ান্ত মতামত জমা দেওয়ার কথা থাকলেও বিএনপি একদিন বাড়তি সময় নিয়ে বৃহস্পতিবার জমা দিতে পারে বলে জানা গেছে।