1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠিতে জমে উঠেছে সারি সারি নৌকার ওপর ভাসমান পেয়ারার হাট – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

ঝালকাঠিতে জমে উঠেছে সারি সারি নৌকার ওপর ভাসমান পেয়ারার হাট

খলিলুর রহমান মনির
  • প্রকাশ রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ঝালকাঠি : আষাঢ়, শ্রাবণ, ভাদ্র-এই তিন মাস পেয়ারার মৌসুম।এ মৌসুমে কাঁচা-পাকা পেয়ারার মৌ মৌ ঘ্রাণ নিতে এবং সবুজের সমারোহ দেখতে আসেন দেশ ও বিদেশের অনেক মানুষ।এটা ভিয়েতনাম বা পৃথিবীর অন্য কোনো দেশের কোথাও নয়।বাংলাদেশের দক্ষিণে উপকূলীয় জেলা ঝালকাঠির ভীমরুলী গ্রামে। সদর উপজেলার উত্তরদিকে অবস্থিত ভীমরুলী গ্রাম। এখানে খালের ওপর জলে ভেসে ভেসে ছোট ছোট ডিঙি নৌকায় পণ্য ক্রয়-বিক্রয় চলে।পানির ওপর ভাসমান একটি হাট। এখানে গেলেই চোখে পড়ে নৌকায় ঝুড়ি ভরা পেয়ারা! 

এ যেন পেয়ারার রাজ্য!পদ্মা সেতু হওয়ার পর সড়কপথে দেশের বিভিন্ন এলাকার পাইকাররা ট্রাক, মিনিট্রাক ও পিকআপ নিয়ে আসেন এখানে। তারা সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১২টার মধ্যে ক্রয়ের পালা শেষ করে পেয়ারা নিয়ে ছুটে চলেন যার যার গন্তব্যে। ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলী গ্রামে ভাসমান এই জলবাজারের প্রধান পণ্য পেয়ারা। সারি সারি নৌকার ওপর শোভা পায় কাঁচা-পাকা সবুজ-হলুদ পেয়ারা যার ভারে নৌকা ডুবি ডুবি করে। হাটুরেদের হাঁকডাকে গমগম করে পুরো এলাকা।খালের ওপর দারুণ জমে উঠে জলে ভাসা এই হাট। 

ঝালকাঠি জেলা প্রসাশক আশরাফুর রহমান বলেন,সংরক্ষণসহ কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠলে পেয়ারা চাষিরা আর্থিকভাবে লাভবান হবে। যুগ যুগ ধরে পেয়ারা চাষাবাদ করে এলেও উদ্যোক্তার অভাবে হিমাগারসহ প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে না ওঠায় দিন দিন চাষাবাদে আগ্রহ হারাচ্ছে চাষিরা।

খোঁজ নিয়ে জানা গেছে, পিরোজপুরের স্বরূপকাঠি, বরিশালের বানারীপাড়া এবং ঝালকাঠি সদর উপজেলার সীমান্তবর্তী গ্রামটিতে সবচেয়ে বড় মোকামে প্রতিদিন কয়েক লাখ টাকার পেয়ারা ক্রয়-বিক্রয় হয়। বরিশাল জেলার বানারীপাড়া, ঝালকাঠি জেলার সদর উপজেলা ও পিরোজপুর জেলার স্বরূপকাঠি ঘিরেই মূলত পেয়ারার বাণিজ্যিক চাষ হয়।

বানারীপাড়ার ১৬ গ্রামের ৯৩৭ হেক্টর, ঝালকাঠি সদরের ১৩ গ্রামের ৩৫০ হেক্টর, স্বরূপকাঠির ২৬ গ্রামের ৬৪৫ হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়। পেয়ারা চাষে এসব গ্রামের কয়েক হাজার পরিবারের দিনবদল হয়েছে। এসব এলাকার মধ্যে ঝালকাঠির কীর্তিপাশা, ভীমরুলী, শতদশকাঠি, খাজুরিয়া, ডুমুরিয়া, কাপুড়াকাঠি, জগদীশপুর, মীরকাঠি, শাখা গাছির, হিমানন্দকাঠি, আদাকাঠি, রামপুর, শিমুলেশ্বর গ্রামের বেশির ভাগ অংশজুড়ে বাণিজ্যিকভাবে পেয়ারার চাষ হয়। স্বরূপকাঠির গ্রামগুলোর মধ্যে রয়েছে সঙ্গীতকাঠি, খায়েরকাঠি, ভদ্রানন্দ, বাচ্চুকাঠি, ভাংগুরা, আদাবাড়ি, রাজাপুর, ব্রাহ্মণকাঠি, ধলহার, জিন্দাকাঠি, আটঘর, কুড়িয়ানা, পূর্ব জলাবাড়ি, ইদিলকাঠি, আরামকাঠি, মাদ্রা, গণপতিকাঠি, আতাকাঠি, জামুয়া, জৈলশার, সোহাগদল, আদমকাঠি, অশ্বত্থকাঠি, সমীত, সেহাংগল ও আন্দারকুল। বানারীপাড়া উপজেলার মধ্যে রয়েছে তেতলা, সৈয়দকাঠি, মালিকান্দা, ব্রাহ্মণবাড়ি, বোয়ালিয়া, জম্বুদ্বীপ, বিশারকান্দি, মরিচবুনিয়া, মুরার বাড়ি, উমরের পাড়, লবণ সড়া, ইন্দির হাওলা, রাজ্জাকপুর, হলতা ও চুয়ারিপাড়।

স্থানীয়দের কাছে জানা গেল, এ অঞ্চলের সবচেয়ে বড় ভাসমান হাট এটি, যা পুরো বাংলাদেশেই অনন্য। এ অঞ্চলের সবচেয়ে বড়! তা হলে কি আরও আছে এমন বাজার? হ্যাঁ, আছে। পাশের পিরোজপুরের স্বরূপকাঠির (নেছারাবাদ) কুড়িয়ানা, আটঘর, আতা ও ঝালকাঠির মাদ্রা। আরও অবাক করা বিষয় হলো, সব হাটই বসে পিরোজপুরের সন্ধ্যা নদী থেকে বয়ে আসা একই খালের পাড়ে। ভীমরুলী জলে ভাসা হাটে গেলেই চোখে পড়ে পেয়ারা বোঝাই ডিঙি নৌকাগুলো এপাশ-ওপাশ করছে। ভালো দামের আশায় চাষিদের এমন নড়চড়। খালের দুই পাশে ব্যবসায়ীদের আড়ত। তারাই কিনবেন। বাংলাদেশের সিংহভাগ পেয়ারা উৎপাদনকারী অঞ্চলের চাষিরা ডিঙিতে বসে বিকিকিনিতে মগ্ন এখানে। পাইকার ও পেয়ারা চাষিদের কেনাবেচার ধুম চলছে পেয়ারার মোকামগুলোতে।

প্রায় ৩১ হাজার একর জমির ওপর গড়ে ওঠা বাগানের পেয়ারা আসে এখানে। বাংলার আপেল বলা হয় এখানকার পেয়ারাকে। শুধু বাংলাদেশ নয়, এশিয়ার বিখ্যাত এই পেয়ারাকে স্থানীয় ভাষায় গৈয়া কিংবা সবরী বলা হয়। পুষ্টিমানের দিক থেকে একটি পেয়ারা ৪টি আপেলের সমতুল্য বলে কৃষি বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। এখানে প্রতি বছর পেয়ারার মৌসুমে বিপুল পরিমাণ সুস্বাদু পেয়ারার উৎপাদন হয়ে থাকে। বাংলার আপেল নামে খ্যাত এই পেয়ারা এখানে প্রচুর উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে চাষিদের লোকসানের মুখে পড়তে হয় প্রতি বছর। কারণ পেয়ারা দ্রুত পেকে যায়। দ্রুত বিক্রি না করতে পারলে চাষিদের পড়তে হয় লোকসানের মুখে। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সরকারি বা বেসরকারি উদ্যোগ থাকলে মৌসুমি এ ফল বছরজুড়ে ভোক্তাদের চাহিদা মিটিয়ে চাষিরাও আর্থিকভাবে লাভবান হতে পারবেন। কিন্তু দীর্ঘদিনেও উদ্যোক্তার অভাবে হিমাগারসহ প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে না উঠায় এবং উৎপাদন খরচ দিন দিন বৃদ্ধি পাওয়ায় চাষিরা পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে।

পেয়ারা চাষ ও ব্যবসাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে ২০টিরও বেশি ছোট-বড় মৌসুমি ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে এগুলোকে বলা হয় পেয়ারার মোকাম। প্রতিদিন সকালে এসব মোকামে চাষিরা ছোট ছোট ডিঙি নৌকায় সরাসরি বাগান থেকে পেয়ারা নিয়ে আসেন পাইকারদের কাছে। সেগুলো কিনে ট্রলারে নৌপথে নিয়ে যাওয়া হয় ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। সড়কপথেও দেশের নানাপ্রান্তে চলে যায় এখানকার পেয়ারা। 

প্রতি বছর পেয়ারার মৌসুমে বিভিন্ন স্থান থেকে নৌপথে পেয়ারা দেখতে আসেন পর্যটকরা। পেয়ারা বাগান দেখে মুগ্ধ হয়ে এখান থেকে পেয়ারা কিনেও নিয়ে যান। ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট দেখতে আসা পর্যটক ফারুক খান বলেন, অদ্ভুত সুন্দর ভাসমান এই হাট। পেয়ারা বাগান ও আশপাশের প্রকৃতি যে কতটা নজরকাড়া হতে পারে এটি এখানে না এলে বোঝার উপায় নেই! প্রতি বছর শত শত দেশি-বিদেশি পর্যটক এ স্থানে ভিড় জমান পেয়ারা মৌসুমজুড়ে। বাংলাদেশিদের জন্যও এটা হতে পারে অপূর্ব ভ্রমণকেন্দ্র।

লিটন হালদার বলেন, মৌসুমে প্রতিদিন প্রায় ১০ হাজার মণ পেয়ারা বিক্রি হয়। ভীমরুলী মোকাম থেকে সড়ক ও নৌপথে খুলনা, ফেনী, ঢাকা, সিলেট, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, নাটোর ও বরিশালে হাজার হাজার মণ পেয়ারা যাচ্ছে। পেয়ারা চাষ ও বাণিজ্যে ৭ থেকে ৮ হাজার শ্রমজীবী মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে জীবিকা নির্বাহ করছেন।

চাষিরা জানায়, এ বছর ফাল্গুনে পেয়ারা গাছে ফুল ধরার পর অতিরিক্ত খরায় পানির অভাব দেখা দেওয়ায় ফুল ঝড়ে যাওয়ার পাশাপাশি অনেক গাছও মরে যায়। অর্থনৈতিক মন্দার কারণে পেয়ারা চাষিরা গাছের গোড়ায় পর্যাপ্ত সার এবং মাটি দিতে পারেননি। এসব কারণে পেয়ারার উৎপাদন কম হয়েছে। তবে দাম ভালো পাচ্ছে চাষিরা। তবু তাদের হতাশা কাটেনি। ১০ বিঘার বাগান থেকে প্রতিদিন ১০ মণ পেয়ারা নামার কথা থাকলেও ৩ থেকে ৫ মণ নামছে। পেয়ারার আকার ও মান ভেদে ১ হাজার থেকে শুরু করে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি মণ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park