স্টাফ রিপোর্টার : জামালপুরের ইসলামপুর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গভীর রাতের অন্ধকারে নিজ বাড়ির উঠানে ইউপি সদস্য আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ জুন) গভীর রাতে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর এলাকায় সন্ত্রাসীরা এই হত্যা কাণ্ড ঘটিয়েছে। নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয়রা জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে রাতে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বের করা হয় । ঘর থেকে বের হলেই বাড়ির উঠানে ১০/১২ জন সন্ত্রাসী উপর্যুপরি ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর সময় নিহত নিহত হয় আব্দুর রহিম। তাকে সন্ত্রাসী হাত থেকে রক্ষার জন্য স্ত্রীসহ বাড়ির লোকজন বাঁধা দিলে তাদেরকেও মারধর আহত করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুর রহমান। পুলিশকে খবর দিলে আজ রবিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়।ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ স ম আতিকুর রহমান জানান, অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।