চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির চাচা মো. রমিজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। পরে দ্রুত তাকে তার মা-বাবার সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন শিশুটির মা।
পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়। তার বাসা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত অল্প বয়সী একটি শিশু কীভাবে একা ইকোপার্কের গভীরে পৌঁছালো, তাকে কেউ অপহরণ করে সেখানে নিয়ে গেছে কি না, কিংবা পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।