ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওসমান হাদিকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর মরদেহটি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, যেখানে সাধারণ মানুষ তাকে শেষবারের মতো দেখার সুযোগ পাবেন।
ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানায়, শহীদ ওসমান হাদীকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার কাছাকাছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অকুতোভয় এই যোদ্ধাকে গ্রহণ করতে সবাইকে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি আরও জানায়, বিমানবন্দর থেকে আনার পর সর্বসাধারণের সাক্ষাতের জন্য তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে রাখা হবে।
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আজ শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু ঘিরে দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে।