দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিনটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা জমির প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে মামলাগুলো দায়ের করে দুদক।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে তারা আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, তিনটি মামলার মধ্যে একটিতে শেখ হাসিনাসহ আসামি ১২ জন, দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয়টিতে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট আসামি ১৮ জন।
আসামিদের অনুপস্থিতির কারণে আদালত আগামী ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছে।