রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ২১ দিন পর এক কিশোরী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জের মুসলিমবাগ ডায়াবেটিস বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর একই বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন কিশোরী জোবাইদা রহমান ফাতেমা (১৪) এবং তার মা রোকেয়া রহমান (৩২)। স্বজনদের বরাতে জানা গেছে, নিহত রোকেয়ার স্বামী শাহীন আহম্মেদ পেশায় একজন মুহুরী। পরিবারটি কেরানীগঞ্জ এলাকায় বসবাস করত।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর গৃহশিক্ষিকার কাছে পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় স্কুলছাত্রী ফাতেমা। এরপর সে আর বাড়ি ফেরেনি। মেয়ের খোঁজে বের হয়ে তার মা রোকেয়া রহমানও নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের প্রায় ২১ দিন পর একই ফ্ল্যাট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে কেরানীগঞ্জ মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে খাটের নিচ থেকে রোকেয়া রহমানের মরদেহ এবং বাথরুমের ফল ছাদের কাছ থেকে কিশোরী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটনে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।