ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শহীদ শরিফ ওসমান হাদির দাফন শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সমাধিতে, কবি কাজী নজরুল ইসলামের কবরের দক্ষিণ পাশে তার চিরশান্তি নিশ্চিত করা হয়।
দাফনের পর শহীদ শরিফ ওসমান হাদির সমাধির ওপর স্থাপন করা সমাধিস্তম্ভে লেখা হয়:
“আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরিফ ওসমান বিন হাদি (১৯৯৩–২০২৫)। শাহাদাত: ১৮ ডিসেম্বর-২০২৫।”
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে তার বড় ভাই আবু বকর সিদ্দিক নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা।
জানাজার আগে তারা শহীদ শরিফ ওসমান হাদির অবদান ও আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানান। জানাজার পর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়, যেখানে শোকসন্তপ্ত মানুষজন তাকে শেষ শ্রদ্ধা জানায়। পুরো এলাকা শোকাবহ ও উত্তাল জনসমুদ্রের দৃশ্যে পরিণত হয়েছিল।