ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের বিভিন্ন স্থানে সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা, জালভোট প্রদানসহ মোট ২১ ধরনের অনিয়মের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, এসব অনিয়ম নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে এবং ভোটারদের স্বাভাবিক ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, ভয়ভীতি, কেন্দ্র দখল এবং পোলিং এজেন্টদের বাধা দেওয়ার মাধ্যমে একটি পক্ষ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।
মনিরা শারমিন আরও বলেন, এসব অনিয়মের বিষয়ে প্রশাসনকে আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা নিতে হবে। কারচুপির মাধ্যমে কোনো দলের পক্ষে ফলাফল ঘোষণার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না এবং প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আজ দেশের ২৯৯টি আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এই নির্বাচনে নিবন্ধিত মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।