ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৫০) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সরাইল সদরের জেলা পরিষদের অডিটোরিয়ামে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন।
মো. মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন। দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক পোলিং অফিসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নির্বাচন সংশ্লিষ্টরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।