সরকার ফ্যামিলি কার্ড-কে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে যাদের প্রকৃত প্রয়োজন নেই, তারা এই কার্ড নেবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে প্রথমে সমাজসেবা অধিদফতর কর্তৃক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্ল্যাকবেঙ্গল ছাগল বিতরণ করা হয়। এরপর প্রধানমন্ত্রী সমাবেশে যোগ দেন।
সমাবেশে তারেক রহমান বলেন, বিগত বছরগুলিতে মানুষের প্রত্যাশা অনুযায়ী যথাযথ উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। তিনি উল্লেখ করেন, যে কাজ ১৭ বছরে হয়নি, তা এক-দেড় মাসে সম্পন্ন করা সম্ভব নয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি, এই সরকার প্রত্যেকের সরকার। তিনি সকলকে অস্থির না হয়ে ধৈর্য সহকারে মিলিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান।