অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জুলাই জাতীয় সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে। কারণ, জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং আজকের ভাষণের মধ্য দিয়ে তিনি সেটি লঙ্ঘন করেছেন।”
তিনি আরও বলেন, “আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া।”
এর আগে দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ওই ভাষণে তিনি জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোটের প্রশ্ন এবং সাংবিধানিক সংস্কারের দিকনির্দেশনাও তুলে ধরেন।
এছাড়া একইদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আইন মন্ত্রণালয়। ওই আদেশে গণভোটে কী প্রশ্ন থাকবে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়।