জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে অভিযোগত্মক, মিথ্যা এবং মানহানিকর মন্তব্য করেন। আজ (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলা করেন।
আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মাহাদী হাসান জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ৫ আগস্ট ‘ফ্যাসিস্ট সরকার পতনের’ পর থেকে অভিযুক্ত নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিএনপি ও বিএনপি-নেতৃত্বাধীন ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন।
আবেদনে আরো বলা হয়, গত ১ নভেম্বর নাসীরুদ্দীন পাটওয়ারী যুবদল নেতা নয়নকে নিয়ে একটি বিবৃতিতে বলেন যে, “জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন — ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে, এ টাকায় দিয়েও একটা গণভোট করা সম্ভব” এবং তিনি প্রায়শই কটু বক্তব্য দিয়ে প্রতিপক্ষের সুনামহানির পথ গ্রহণ করেছেন—এই ধরনের মন্তব্যের ফলে নয়ন ও অন্যান্য ব্যক্তিদের সামাজে্যিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মামলা দায়েরে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে মামলাটি গ্রহণের পর ডিবি পুলিশ ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখে একটি তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেবে, যার ভিত্তিতে পরবর্তী আইনগত করণীয় নির্ধারিত হবে।