সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার বিরেন্দ্রনগর বিওপির আওতাধীন রংগাছড়া নামক স্থান থেকে তাদের আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি টহল দল।
আটককৃতরা হলেন—তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সুজাফর মিয়া (৪০) এবং একই গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে আহাদুল ইসলাম (৩০)।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ১৩ বোতল ভারতীয় মদ সংগ্রহ করে ফেরার পথে সীমান্ত পিলার ১১৯৩/৫-এস এর প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে রংগাছড়া এলাকায় পৌঁছালে বিরেন্দ্রনগর বিওপির টহল দল তাদের আটক করে। জব্দকৃত ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, আটককৃতদের মদসহ তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।