ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে প্রদত্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর আজীবন সদস্যপদ বাতিল করেছে ডাকসু। বুধবার রাতে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভার পর এই সিদ্ধান্তের বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েম।
সাদিক কায়েম বলেন, “শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া ছিল ডাকসুর গঠনতন্ত্রের বাইরে গিয়ে, ২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে করা হয়েছিল। আজকের সভায় সেই রেজুলেশনটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬টায় ডাকসুর কনফারেন্স রুমে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা—সহ-সভাপতি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিপি সাদিক কায়েম বলেন, “ডাকসু একটি ঐতিহাসিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান। কোনো ব্যক্তি বা সরকারপ্রধানকে তোষণমূলকভাবে আজীবন সদস্যপদ দেওয়া ছিল গঠনতন্ত্রবিরোধী। ডাকসুর মর্যাদা ও নৈতিক অবস্থান রক্ষার স্বার্থে রেজুলেশনটি বাতিল করা হয়েছে।”