কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে আবারও দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কিশোররা হলো হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোহেল ও আব্দুল্লাহ নাফ নদী এলাকায় মাছ ধরতে গেলে সীমান্তের ওপার থেকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, গুলিতে দুই কিশোর মাথা, হাত ও পায়ে আহত হয়। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এলাকায় অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছে।
এর আগেও একই সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। চলতি মাসের ১৩ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে সুমাইয়া হুজাইফা (১১) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিল।
একাধিকবার এ ধরনের ঘটনায় সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।