জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিয়ে করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে পারিবারিক পরিসরে দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়েতে আবু বাকের মজুমদারের জীবনসঙ্গী হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।
অন্যদিকে, আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। শিক্ষাজীবনে তিনি বিসিআইসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি ফজলুল হক মুসলিম হলে উঠলেও রাজনৈতিক কারণে কিছু সময়ের জন্য হল ছাড়তে হয় তাকে। পরে তিনি আবার হলে ফিরে আসেন।
পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই বিয়েকে ঘিরে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।