কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক আসামির বাড়ি থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) চকরিয়া থানা পুলিশের একটি দল উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ ইউনুস ওরফে মইগ্গা পুতুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মোহাম্মদ ইউনুস ওরফে মইগ্গা পুতু ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।