খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্বশত্রুতার জেরে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য ও একজন ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদ খান খুলনা থেকে নিজ বাড়ি হাজীগ্রামে ফিরছিলেন। পথে সেনহাটী মিয়া পাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে। এ সময় তিনি দৌড়ে একটি দোকানে আশ্রয় নেন। তবে অস্ত্রধারীরা সেখান থেকে তাকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা দ্রুত সরে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবদল কর্মী মুরাদকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়েছে।