এপ্রিলে দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে ভবিষ্যতে বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপ হলে দাম সমন্বয় করা হবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে পেট্রোল-অকটেনের কোনো ঘাটতি নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তিনি অভিযোগ করেন, পরিস্থিতি আরও ঘোলাটে করতে কেউ কেউ অবৈধ মজুত ও পাচারসহ নানা অসৎ উপায় অবলম্বন করছে, যার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরও জানান, আগের সরকারের গাফিলতির কারণে দেশে হামের টিকার সংকট শুরু হয়েছে। এ সংকট মোকাবেলায় আগামী ৩ মে থেকে সারাদেশে হামের টিকা কার্যক্রম শুরু হবে।
এ সময় তিনি উল্লেখ করেন, কৃষককার্ডের জন্য ১ হাজার ১৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দুদক পুনর্গঠিত হওয়ার পর শুধু অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতিই নয়, বর্তমান সরকারের সময়েও কোনো দুর্নীতি হলে তা তদন্তের আওতায় আনা হবে বলেও জানান তিনি।